তৃণমূলের নাম-প্রতীক নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ, সিদ্ধান্ত নিতে কমিশনকে ৪ মাস সময়
তৃণমূল কংগ্রেসের দলীয় নাম ও জোড়াফুল প্রতীক নিয়ে চলা বিরোধে নির্বাচন কমিশনকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য চার মাস সময় দিয়েছে সুপ্রিম কোর্ট।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর মধ্যে দলের নাম ও নির্বাচনী প্রতীক নিয়ে বিরোধের পরিপ্রেক্ষিতে এই সময়সীমা নির্ধারিত হয়েছে। চার সপ্তাহের মধ্যে সব পক্ষকে যাবতীয় নথি কমিশনে জমা দেওয়ার নির্দেশ। এরপর তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন কমিশনকে চূড়ান্ত নিষ্পত্তি করার নির্দেশ। অর্থাৎ নাম প্রতীকের নিষ্পত্তি করতে সময় লাগবে চার মাস।
এর আগে নির্বাচন কমিশন অন্তর্বর্তী ব্যবস্থায় দুই পক্ষকেই পুরনো ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং জোড়াফুল প্রতীক ব্যবহার থেকে বিরত রেখেছিল। মমতা-নেতৃত্বাধীন শিবিরকে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম ও ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীক এবং ঋতব্রত-নেতৃত্বাধীন শিবিরকে ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’ নাম ও ‘খাম’ প্রতীক দেওয়া হয়েছিল।
সুপ্রিম কোর্টের আগের শুনানিতে আদালত নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিল, দুই পক্ষকে প্রমাণ পেশের যথেষ্ট সুযোগ দিয়ে কত সময়ের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব। আদালত দীর্ঘসূত্রিতা এড়িয়ে দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয়তার কথাও জানিয়েছিল।
নাম ও প্রতীক নিয়ে এই বিরোধের পাশাপাশি নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনকে ঘিরেও কমিশনের অন্তর্বর্তী ব্যবস্থা কার্যকর হয়েছে।




Comments