আরজি কর হাসপাতালে সেমিনার রুমের পাশের ঘর ভাঙার বিষয়ে বড় পদক্ষেপের ইঙ্গিত!

সংশ্লিষ্ট ঘর ভাঙার নির্দেশ যদি এসে থাকে স্বাস্থ্য সচিবের তরফে, অভিযোগ সত্য হলে তাকে অপসারিত করা হবে। ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
শুক্রবার মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, ঘর ভাঙার নির্দেশ স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম দিয়ে থাকেন, তাহলে তাঁকে অপসারিত করা হবে।
প্রসঙ্গত আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আয়োজিত নবম 'মেডিভিশন ন্যাশনাল কনভেনশন'-এর মঞ্চ থেকে আরজি কর নির্যাতিতার মা তথা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ সরাসরি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে প্রমাণ লোপাট ও দুর্নীতির অভিযোগ তুলে সরব হন।
প্রকাশ্য মঞ্চে এই অভিযোগ শোনার পরেই তৎক্ষণাৎ পদক্ষেপের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
তিনি স্পষ্টভাবে জানান, অভিযোগ খতিয়ে দেখার পর তা সত্যি প্রমাণিত হলে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে।
এদিন রত্না দেবনাথ স্বাস্থ্য দফতর ও তৎকালীন স্বাস্থ্য সচিবের ভূমিকার তীব্র সমালোচনা করে প্রশ্ন তুলে বলেন, আমার মেয়েকে যেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই সেমিনার রুম এবং সংলগ্ন বাথরুমটি ঘটনার পর রাতারাতি কার নির্দেশে ভেঙে দিয়ে সংস্কার করা হল? যে স্বাস্থ্য সচিব এই নির্দেশের নেপথ্যে ছিলেন, তিনি এখনও কীভাবে বহাল তবিয়তে নিজের পদে বসে রয়েছেন। এরাই যদি চেয়ারে বসে থাকেন, তবে সাধারণ মানুষ কীসের বিচার পাবে? আমার মেয়ে সঠিক বিচার পেলে তবেই স্বাস্থ্য দফতর দুর্নীতির হাত থেকে মুক্ত হবে।
এরপরই মুখ্যমন্ত্রীর ঘোষণা যদি অভিযোগ সত্যি প্রমাণিত হয় তাহলে স্বাস্থ্য সচিবকে সরিয়ে দেওয়া হবে।




Comments