লালবাজারে মঙ্গল ও মালতির আত্মসমর্পণের খবর, ঘনিষ্ঠতা ছিল কিষেণজির সঙ্গেও

মাওবাদী দম্পতি মঙ্গল এবং মালতী আত্মসমর্পণ করলেন কলকাতা পুলিশের কাছে। বাংলা-ঝাড়খণ্ড অঞ্চলে মাওবাদী নেটওয়ার্কের বিরুদ্ধে পুলিশের তৎপরতার মধ্যেই এই খবর সামনে এসেছে। দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন ঝাড়খণ্ডে। সারান্ডার জঙ্গলে বিভিন্ন মাওবাদী কার্যকলাপে নাম জড়িয়েছিল তাঁদের। শুক্রবার সকালে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের কাছে নিজেদের একে-৪৭ এবং ইনসাস রাইফেল জমা দেন তাঁরা। মঙ্গল এবং মালতী উভয়েই পশ্চিমবঙ্গের বাসিন্দা। মঙ্গলের বাড়ি পশ্চিম মেদিনীপুরের শালবনিতে। মালতী থাকতেন ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে। পরবর্তী সময়ে ঝাড়খণ্ডে সক্রিয় ছিলেন তাঁরা। মঙ্গল প্রথমে দলমা এলাকায় এবং পরে সারান্ডায় মাওবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তী সময়ে মালতীও ঝাড়গ্রাম থেকে চলে যান সারান্ডায়। কলকাতার পুলিশ কমিশনার নন্দ জানান, ২০১১-১২ সালের পর ঝাড়খণ্ডে চলে গিয়েছিলেন মঙ্গল। তার আগে ২০১০ সালে মাওবাদীদের সংগঠনে যোগ দেন তিনি। ওই সময়ে জনসাধারণের কমিটি সক্রিয় ছিল শালবনিতে। আত্মসমর্পণকারী এই মাওবাদী নেতা কিষেণজির ঘনিষ্ঠ ছিলেন বলেও জানান পুলিশ কমিশনার।মূলত সারান্ডা এলাকাতেই সক্রিয় ছিলেন দু’জনে।




Comments