top of page

পকেটে ৫০ হাজার থাকলেই মিলবে ফ্ল্যাট! চটকল শ্রমিকদের জন্য বড় ঘোষণা অর্জুনের

Writer: WTN  News Network
WTN News Network
Sep 29
1 min read

চটকল শ্রমিকদের জন্য মাত্র ৫০ হাজার টাকা খরচে ফ্ল্যাট দেওয়ার আবাসন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। সোমবার সাংবাদিক বৈঠকে এই প্রকল্পের কথা জানান রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং।

প্রাথমিকভাবে উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলায় পরীক্ষামূলকভাবে প্রকল্পটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনার ভাটপাড়া, টিটাগড় ও কামারহাটি পুরসভাকে জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৮ হাজার চটকল শ্রমিক ইতিমধ্যেই এই প্রকল্পে আগ্রহ প্রকাশ করেছেন। আবেদন যাচাই করে যোগ্যদের তালিকা তৈরি করা হবে। আবেদনকারীকে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির অন্তর্ভুক্ত হতে হবে এবং পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার বেশি হলে আবেদন করা যাবে না।

আবেদনকারী বা তাঁর পরিবারের কোনও সদস্যের নামে দেশের কোথাও পাকা বাড়ি থাকলে এই সুবিধা পাওয়া যাবে না। গত ২০ বছরে কেন্দ্র বা রাজ্যের কোনও আবাসন প্রকল্পের সুবিধা নেওয়া থাকলেও নতুন প্রকল্পে আবেদন করা যাবে না।

প্রতিটি ফ্ল্যাট তৈরিতে আনুমানিক ৫.৫০ লক্ষ টাকা খরচ ধরা হয়েছে। এর মধ্যে কেন্দ্র ১.৫০ লক্ষ টাকা এবং রাজ্য ২.৭৯ লক্ষ টাকা দেবে, আর উপভোক্তার দিতে হবে ৫০ হাজার টাকা। ফ্ল্যাটে দু’টি ঘর, রান্নাঘর ও শৌচাগার থাকবে। কার্পেট এরিয়া প্রায় ৩২০ থেকে ৪৮৫ বর্গফুট হতে পারে।

বিধবা, একক মহিলা, প্রবীণ, প্রতিবন্ধী, রূপান্তরকামী এবং বিভিন্ন সংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়ার কথা জানানো হয়েছে।

Comments


bottom of page