বিরামহীন বৃষ্টিতে দক্ষিণবঙ্গে বন্যার আশঙ্কা, বাড়ছে ডিভিসির জল ছাড়ার পরিমাণ
ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির জেরে দামোদর অববাহিকায় জলস্তর দ্রুত বাড়ছে। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। সেই জল দুর্গাপুর ব্যারেজে পৌঁছনোয় নিম্ন দামোদর এলাকায় প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, মাইথন জলাধারের জলস্তর প্রায় ৪৮৪.২৫ ফুট এবং পাঞ্চেতের প্রায় ৪১৪.১১ ফুট। দুই জলাধার মিলিয়ে গড়ে প্রায় ৫০,৭৯৫ কিউসেক জল ছাড়া হচ্ছে। বুধবার সকাল পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকেও প্রায় ৯৭,০০০ কিউসেক হারে জল ছাড়া হয়েছে। বৃষ্টি আরও বাড়লে জল ছাড়ার পরিমাণ এবং প্লাবনের আশঙ্কা দুটোই বাড়তে পারে।
খনি এলাকায় ধস, আতঙ্ক পাণ্ডবেশ্বরে
পাণ্ডবেশ্বরের হরিপুর ৭ ও ৯ নম্বর পিট এলাকার কাছে খনি আবাসনের অদূরে মাটি বসে ধস নেমেছে। ধসের জায়গায় বড় গর্ত তৈরি হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কয়েক দিন ধরে টানা বৃষ্টির জেরেই মাটি আলগা হয়ে এই ধস বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
এলাকায় এর আগেও ধসের ঘটনা ঘটেছিল বলে স্থানীয়দের দাবি। দ্রুত ধসের জায়গা মেরামত এবং নজরদারি বাড়ানোর দাবি উঠেছে। একই সময়ে আসানসোলের বিস্তীর্ণ অংশে জল জমে যান চলাচলেও প্রভাব পড়েছে।




Comments