উত্তর সিকিমে ভয়াবহ ধস, তিস্তা নদীর গতিপথ আংশিক অবরুদ্ধ, জারি হাই অ্যালার্ট
উত্তর সিকিমে ভয়াবহ ভূমিধসে তিস্তা ও চ্যাকুং নদীর গতিপথ আংশিক অবরুদ্ধ হয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে নদীর নিম্ন অববাহিকায় হাই অ্যালার্ট জারি করেছে প্রশাসন।
মঙ্গন জেলার তিস্তা ও চ্যাকুং নদীর সঙ্গমস্থলের কাছে ৫ ও ৬ সেপ্টেম্বরের মধ্যরাতে এই ধস নামে। নাগা ফরেস্ট এলাকায় পাহাড়ের একটি বড় অংশ ধসে নদীর স্বাভাবিক প্রবাহ সাময়িকভাবে ব্যাহত হয়।
এখনও স্বাভাবিক তিস্তার জলপ্রবাহ
প্রশাসনের তরফে জানানো হয়েছে, বর্তমানে তিস্তার জলপ্রবাহ স্বাভাবিক রয়েছে এবং এখনও কোনও হতাহত হওয়ার খবর নেই। সংক্লং ও ফিডাংয়ের পর্যবেক্ষণ কেন্দ্রগুলিতেও জলস্তর স্বাভাবিক, যদিও জল ঘোলা হয়ে গিয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।
নিচের দিকে হড়পা বানের আশঙ্কায় সতর্কতা
নদীর ধারে না যাওয়ার জন্য স্থানীয় বাসিন্দা, শ্রমিক, মৎস্যজীবী ও গাড়িচালকদের সতর্ক করা হয়েছে। ভূমিধসের ফলে তৈরি হওয়া প্রাকৃতিক বাধা ভেঙে গেলে আচমকা বিপুল জলরাশি নিচের দিকে নেমে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। এর প্রভাব সিকিমের পাশাপাশি পশ্চিমবঙ্গের কালিম্পং, দার্জিলিং ও জলপাইগুড়ির কিছু এলাকায় পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
পুলিশ কন্ট্রোল রুম, জেলা প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা দল নদীর জলস্তর ও ধস কবলিত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।




Comments