কলকাতায় খাদ্যসুরক্ষা অভিযান অব্যাহত, রেস্তরাঁ ও ফুড কোর্টে তল্লাশি
রবিবারও কলকাতায় খাদ্যসুরক্ষা অভিযান অব্যাহত ছিল। পুরসভা ও খাদ্য দফতরের আধিকারিকেরা শহরের একাধিক রেস্তরাঁ ও ফুড কোর্টে গিয়ে খাবার সংরক্ষণ, রান্নাঘরের পরিচ্ছন্নতা, ব্যবহৃত উপকরণ এবং রান্না করা খাবারের মান খতিয়ে দেখেন।
অ্যাক্রোপলিস, সাউথ সিটি এবং হাইল্যান্ড পার্কের মেট্রোপলিস মলের ফুড কোর্টেও তল্লাশি চালানো হয়। মেয়াদোত্তীর্ণ, বাসি বা সঠিক ভাবে সংরক্ষণ না করা খাবার পাওয়া গেলে তা ফেলে দেওয়া হয়।
এর আগে পার্ক স্ট্রিট, ডেকার্স লেন, জোড়াবাগান ও লেক মার্কেটের বিভিন্ন খাবারের দোকানেও অভিযান চালানো হয়েছিল। কোথাও বাসি মাছ-মাংস, কোথাও ছত্রাক ধরা খাবার বা খাদ্য সংরক্ষণে অনিয়মের অভিযোগ সামনে এসেছে। প্রয়োজন অনুযায়ী খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সতর্ক বা নোটিস দেওয়া হচ্ছে।
উৎসবের মরসুমের আগে খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতেই এই ধারাবাহিক অভিযান বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।




Comments