top of page

দুর্গাপুজোয় আমিষ বিতর্ক, বাগেশ্বর বাবার বিরুদ্ধে ভবানীপুর থানায় কংগ্রেসের অভিযোগ

Writer: WTN  News Network
WTN News Network
Sep 8
1 min read

দুর্গাপুজোয় আমিষ খাবার নিয়ে মন্তব্যের জেরে বাগেশ্বর বাবা ওরফে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, তাঁর মন্তব্যে বাঙালির ভাবাবেগে আঘাত লেগেছে।

সম্প্রতি হাওড়ার লিলুয়ায় একটি অনুষ্ঠানে শাস্ত্রী দুর্গাপুজো ও নবরাত্রির সময়ে মাছ-মাংসের মতো আমিষ খাবার না খাওয়ার আহ্বান জানান। পুজোর সময় প্যান্ডেলের আশপাশে আমিষ খাবার তৈরি ও খাওয়ারও সমালোচনা করেন তিনি। তাঁর মন্তব্য ঘিরে বাংলায় তীব্র বিতর্ক শুরু হয়।

কী অভিযোগ কংগ্রেসের?

কংগ্রেসের দাবি, বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে এ ধরনের মন্তব্য মানুষের ব্যক্তিগত পছন্দের স্বাধীনতায় হস্তক্ষেপের চেষ্টা এবং বাঙালি সংস্কৃতির প্রতি অসম্মানজনক। ভবানীপুর থানায় অভিযোগের পাশাপাশি রাজ্যের আরও কয়েকটি জায়গায় অভিযোগ দায়েরের কথাও জানিয়েছে দলটি।

বিতর্কের মধ্যে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও জানিয়েছেন, কে কী খাবেন তা ব্যক্তিগত বিষয়। তাঁর বক্তব্য, বাঙালিরা দুর্গাপুজোয় যে মাছ-মাংস খেয়ে অভ্যস্ত, তা খেতেই থাকবেন।

দুর্গাপুজোর আগে এই বিতর্কে ধর্মীয় রীতি, বাঙালির খাদ্যসংস্কৃতি এবং রাজনৈতিক বক্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Comments


bottom of page