২০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ? গ্রাহকদের ওপর বোঝা নয়, স্পষ্ট করলেন নির্মলা সীতারামন

নয়াদিল্লি: অর্থমন্ত্রক সংসদে পেশ করেছে 'ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬', যেখানে ২,০০০ টাকার বেশি UPI লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) বসানোর প্রস্তাব রয়েছে। এই প্রস্তাব ঘিরেই তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক, ডিজিটাল পেমেন্ট আর বিনামূল্যে থাকবে কি না তা নিয়ে।
কংগ্রেস নেতা জয়রাম রমেশের সমালোচনার জবাবে সমাজমাধ্যমে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট করেন, এই চার্জ চাপানো হলে তা শুধু ব্যবসায়ীদের উপরেই বসবে, UPI-তে পেমেন্ট করা সাধারণ গ্রাহকদের উপর নয়। বিরোধীরা বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সরকারি সূত্রে খবর, প্রস্তাবিত এই চার্জ (আনুমানিক ০.২৫ থেকে ০.৪ শতাংশ) কেবল বড় ব্যবসায়ী এবং নির্দিষ্ট বার্ষিক টার্নওভারের উপরে থাকা সংস্থার ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যার মধ্যে থাকবে বড় ই-কমার্স সংস্থাগুলিও। ছোট লেনদেন এবং ব্যক্তি-থেকে-ব্যক্তি UPI ট্রান্সফার এর বাইরেই থাকবে।
MDR নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)-চালিত UPI অ্যান্ড সার্ভিসেস স্টিয়ারিং কমিটি, এবং তা কার্যকর হবে সংসদে বিল পাশ হওয়ার পরেই। সরকারি আধিকারিকদের হিসেবে, এই প্রস্তাব কার্যকর হলেও প্রায় ৯৫ শতাংশ UPI লেনদেন এর আওতার বাইরেই থাকবে।



Comments