
স্বস্তি সময় রায়নার! 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' মামলায় ফৌজদারি অভিযোগ খারিজ করল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' শোয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে কৌতুক অভিনেতা সময় রায়না এবং আরও চারজন— বিপুল গোয়েল, বলরাজ পরমজিৎ সিং ঘই, সোনালী ঠক্কর এবং নিশান্ত জগদীশ তানওয়ারের বিরুদ্ধে দায়ের হওয়া সব ফৌজদারি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি মোহনার বেঞ্চ এই নির্দেশ দেয়, আদালতের আগের নির্দেশ মেনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সচেতনতা ও তহবিল সংগ্রহের অনুষ্ঠান আয়োজনে অভিযুক্তদের প্রচেষ্টার কথা উল্লেখ করে।
২০২৪ সালের নভেম্বরে শ্যুট হওয়া ওই শোয়ে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি (এসএমএ)-র চিকিৎসার খরচ নিয়ে মন্তব্য এবং এক প্রতিবন্ধী ব্যক্তিকে উপহাস করার অভিযোগ থেকেই এই মামলার সূত্রপাত। আদালতের নির্দেশ পুরোপুরি মেনে না চলার অভিযোগে আগে প্রত্যেকের উপর ৩ লক্ষ টাকা করে জরিমানাও ধার্য করেছিল সুপ্রিম কোর্ট।
তবে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা নিয়ে বৃহত্তর বিষয়টির শুনানি চালিয়ে যাবে বলে স্পষ্ট করেছে আদালত, যদিও পাঁচ কৌতুক অভিনেতার বিরুদ্ধে পৃথক ফৌজদারি মামলাগুলি এখন বন্ধ হয়ে গেল।

Comments