এশিয়ান গেমসে মিক্সড ট্র্যাপেও সোনা, নতুন রেকর্ড গড়লেন নীরু ধান্ডা-কাইনান চেনাই
এশিয়ান গেমস ২০২৬-এ মিক্সড ট্র্যাপ টিম ইভেন্টে সোনা জিতল ভারত। নীরু ধান্ডা ও কাইনান চেনাইয়ের জুটি বুধবার ফাইনালে ৩৪ পয়েন্ট তুলে স্বর্ণপদক নিশ্চিত করে এবং নতুন এশিয়ান গেমস রেকর্ড গড়ে।
ফাইনালে কাতার ৩২ পয়েন্ট নিয়ে রুপো এবং চিন ২৩ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জেতে। মিক্সড ট্র্যাপ ইভেন্টে এটি ভারতের প্রথম এশিয়ান গেমস সোনা।
নীরু ধান্ডার জন্য এই প্রতিযোগিতায় এটি আরও একটি বড় সাফল্য। এর আগে তিনি মহিলাদের ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে সোনা জিতেছিলেন এবং মহিলাদের ট্র্যাপ দলগত ইভেন্টে রুপো পেয়েছিলেন।
মিক্সড ট্র্যাপের যোগ্যতা পর্বে ভারতীয় জুটি ১৩৬ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে ফাইনালে উঠেছিল। ফাইনালের পারফরম্যান্সে তারা সেই অবস্থান বদলে শীর্ষে উঠে সোনা জেতে। যোগ্যতা অর্জন পর্বে চতুর্থ স্থানে থাকলেও ফাইনালে অপ্রতিরোধ্য হয়ে ওঠে এই ভারতীয় জুটি। প্রথম দু'টি শটে লক্ষ্যভ্রষ্ট হয়েও দুরন্ত কামব্যাক করেন ভারতীয় সেনাবাহিনীতে সুবেদার পদে কর্মরত নীরু। তুতো ভাইকে দেখে শুটিংয়ে আসা নীরু আট বছরের মধ্যেই দেশকে এনে দিলেন জোড়া সোনা! অন্যদিকে, বক্সিং রিংয়েও ভারতের মেগা ধামাকা! ৭৫ কেজি বিভাগের সেমিফাইনালে কাজাখস্তানের নাতালিয়া বগদানোভাকে হারিয়ে সোজা ফাইনালে উঠে গেলেন লভলিনা বরগোঁহাই। প্রথম রাউন্ডে পিছিয়ে পড়েও নিজের ১০০ শতাংশ উজাড় করে দিয়ে অসামান্য প্রত্যাবর্তন করেন তিনি। এবার সোনার লড়াইয়ে লভলিনার প্রতিপক্ষ চিনের বাও জিই।

Comments