
ইএমআই মিস হলেই ফোন বন্ধ নয়! রিমোট লকিং নিয়ে কড়া নিয়ম বেঁধে দিল আরবিআই

মুম্বই: ঋণের মাধ্যমে কেনা স্মার্টফোন, ট্যাবলেট এবং ল্যাপটপ কবে ও কীভাবে দূর থেকে নিষ্ক্রিয় করা যাবে, তা নিয়ে নির্দিষ্ট নিয়মাবলি প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে।
নতুন নিয়ম অনুযায়ী, ইএমআই মিস হওয়ার সঙ্গে সঙ্গেই ঋণদাতা সংস্থা কোনও ডিভাইস দূর থেকে নিষ্ক্রিয় করতে পারবে না। অন্তত ৩০ দিন বকেয়া থাকার পরেই বিধিনিষেধ শুরু করা যাবে, এবং তাও ধাপে ধাপে। সম্পূর্ণ ডিভাইস নিষ্ক্রিয় করা যাবে কেবল ৬০ দিন বকেয়ার পরে।
গোপনীয়তা রক্ষার ক্ষেত্রেও কড়া শর্ত রাখা হয়েছে। এই প্রযুক্তি ব্যবহারকারী ঋণদাতা বা তৃতীয় পক্ষের সংস্থাকে ডিভাইস প্রস্তুতকারক বা অপারেটিং সিস্টেম প্ল্যাটফর্মের অনুমোদন নিতে হবে, এবং কন্ট্যাক্ট, মেসেজ, ছবি বা লোকেশনের মতো ব্যক্তিগত তথ্যে প্রবেশাধিকার থাকবে না।
বকেয়া মিটিয়ে দিলে এক ঘণ্টার মধ্যে সব বিধিনিষেধ তুলে নিতে হবে। তা না হলে বা ভুলবশত ডিভাইস আটকে রাখা হলে, প্রতি ঘণ্টার দেরির জন্য ২৫০ টাকা ক্ষতিপূরণ দিতে হবে গ্রাহককে।



Comments